২০১০ ও ২০১১ সালে হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা (তৎকালীন হোটেল শেরাটন) থেকে সম্পূর্ণ অবৈধভাবে ২ হাজার ৭০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়। যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ঋণ জালিয়াতি বলে গণ্য করা হয়।
এরপর দীর্ঘ পাঁচ বছর পর ঋণের পরিমাণ সুদসহ তিন হাজার কোটির অঙ্ক পার হলেও এর কোনো সুরাহা হয়নি।
যে দেশে গুটি কয়েক প্রভাবশালী বিনা জামানতে কোটি কোটি টাকার ঋণ ইচ্ছে করলেই নিতে পারেন, সে দেশেই কিনা দিনমজুর আর ক্ষুদ্র ব্যবসায়ীদের সামান্য কিছু টাকা ঋণ পরিশোধ করতে না পারলে আইনের দ্বারস্থ হতে বাধ্য করা হয়। হাজার হাজার উদ্যোক্তা পাওয়া যাবে, যাঁরা কিনা কিছু টাকা ঋণ নিতে গিয়ে ব্যাংকের নানা শর্তজালে আবদ্ধ হয়ে তা পেতে ব্যর্থ হন।
আবার অনেক ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান দু-তিন হাজার টাকা ঋণ উত্তোলন করতে হাজার হাজার ঋণগ্রহীতার ঘর থেকে শুরু করে জমিজমা বাজেয়াপ্ত করেছে, এমন অভিযোগও কম নয়। তাহলে সংবিধানে উল্লেখিত রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সম-অধিকার গেল কই। কথা হচ্ছে, যারা ঋণ পাওয়ার যোগ্য, শর্তপূরণ সাপেক্ষে তাদের ঋণ দিতে হবে। রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে দুর্নীতি নজরদারি প্রতিষ্ঠান দুদক পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করবে সরকার—এটা সবার প্রত্যাশা।
মো. রহমত উল্লাহ, শিক্ষার্থী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।