ঋণগ্রস্ত ক্ষুদ্র কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মেধা ও শ্রম খাটিয়ে দেশের অনেক পরিবার আত্মনির্ভরশীল হয়েছে, এটা সত্য। তবে কিছু এনজিওর গ্রাহক যথাসময়ে ঋণ পরিশোধ বা কিস্তি দিতে না পারায় নানা সমস্যায় পড়েছে।

সাধারণত নিম্নবিত্ত, ক্ষুদ্র কৃষিজীবী বা বর্গাচাষিরা বিভিন্ন এনজিও থেকে জেনেশুনে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হন বা নিয়ে থাকেন। ঋণ নেওয়ার পরের সপ্তাহ থেকেই এনজিওর কর্মকর্তারা সাপ্তাহিক কিস্তি আদায় শুরু করেন। কিস্তি দিতে অপারগ হলেই এনজিও কর্তৃক মামলা বা জেল–জরিমানার হুমকি দেওয়াসহ নানামুখী চাপ শুরু হয়।

একসময় এনজিওগুলো গৃহস্থালির আসবাবপত্র বা হাঁস-মুরগি ও গরু-ছাগল নিয়ে টানাটানি করত বলে শোনা যেত (যদিও এখন আর শোনা যায় না)। কিন্তু অনেকেই এক এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আরেক এনজিও থেকে টাকা নিয়ে থাকে। ফলে এই চক্র চলতেই থাকে। কৃষিপ্রধান দেশে কৃষকদের জীবনে এমন ঘটনা কারও কাম্য নয়।

মো. মোশারফ হোসেন, শেরপুর।