একটি দেশের সার্বিক উন্নতি অনেকটাই নির্ভর করে ওই দেশের শিক্ষাব্যবস্থা ও দুর্নীতির লাগামের ওপর। শিক্ষাব্যবস্থা যদি মানসম্মত ও কর্মমুখী হয় এবং দুর্নীতির লাগাম যদি সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের মুঠোয় থাকে, তবেই সেই দেশে কাঙ্ক্ষিত সাফল্য আসবে।
আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় আজ দুর্নীতি, রাজনীতি, অর্থের কারবার কতটা বৃদ্ধি পেয়েছে তা পিএসসির প্রশ্নপত্রসহ প্রায় সব চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বোঝা যায়।
অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিগ্রস্ত শিক্ষাব্যবস্থার আর একটি নির্মম উদাহরণ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কতিপয় অনুষদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ বর্ষের ছাত্ররা এখন পর্যন্ত দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করতে পারেননি। এই বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনে ভর্তি পরীক্ষা গত ২৭ নভেম্বর শেষ হলো।
আইন অনুষদে নবাগত এই ব্যাচ মিলিয়ে মোট ব্যাচসংখ্যা নয়টি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও এখনো তাঁদের পড়ালেখা শেষ করতে পারেননি। ২০০৬-০৭ থেকে ২০১৪-১৫ সালের ব্যাচ মিলিয়ে মোট নয়টি নিয়মিত ছাত্রছাত্রীদের ব্যাচ পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে আছে বলে আমার জানা নেই।
তাই আজ এ বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন বিভাগের প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমার প্রশ্ন, এ লজ্জা কাদের?
অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
শাহেদ সিদ্দিকী
আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।