এ কেমন শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের যা দেওয়া হচ্ছে তাই আমরা হজম করছি। দেখা যাচ্ছে, হজমে আমরা বিশ্বের প্রথম সারিতে। সবই আমাদের সয়ে যাচ্ছে।
ছোট ছোট ছেলেমেয়েরা হেসেখেলে পড়াশোনা করত, সমাপনীর নামে সেটা বন্ধ করে দেওয়া হলো। বইয়ের বোঝা বহন করতে গিয়ে তারা আজ ক্লান্ত। জিপিএ-৫ না পেলে আমাদের ইজ্জত যাবে। আর সে ভয়ে শিশুদের আমরা পড়ার টেবিল থেকে উঠতে দিচ্ছি না। তাদের শৈশব আমরা কেড়ে নিচ্ছি। এটা একধরনের অপরাধ। পরিস্থিতি এমন হয়েছে যে তারা এখন স্কুলব্যাগের ভারে ন্যুব্জ, আক্ষরিকভাবেই। এমনকি এ নিয়ে প্রথম আলোয় সংবাদও ছাপা হয়েছে।
এসব দেখার বা বলার কেউ নেই। এসব ব্যাপার চাপিয়ে দেওয়ার আগে তারা না করছে জনমত জরিপ, না নিয়েছে কারও মতামত। তাই এসব সিদ্ধান্ত খুবই অগণতান্ত্রিক।
পিএসসির প্রশ্ন ফাঁস হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা জীবনের গোড়াতেই দুর্নীতি শিখে গেল। এ লজ্জা আমরা রাখব কোথায়। সরকার এর দায়ভার নিচ্ছে না। এর সঙ্গে তুলনা করছে উইকিলিকসের তথ্য ফাঁসের। এ কথা শুনে একটি প্রবাদ মনে পড়ে যায়, কিসের মধ্যে কী, পান্তা ভাতে ঘি! তারপর এই ছেলেমেয়েদের দিতে হবে জেএসসি। কী বিশেষ দরকার ছিল এসবের। হ্যাঁ লাভ হচ্ছে কোচিং সেন্টারগুলোর। জীবনের প্রথম ১৬ বছরেই তিনটি পাবলিক পরীক্ষায় অংশ নিতে হচ্ছে আমাদের সন্তানদের। দুনিয়ার আর কোথাও এটা আছে বলে মনে হয় না। শুধু তা-ই নয়, এটা খুবই অপ্রয়োজনীয়। ছেলেমেয়েরা পড়াশোনা না করে শুধু পরীক্ষার প্রস্তুতিতেই ব্যস্ত থাকছে।
সবার কাছে আমার প্রশ্ন, এ কেমন শিক্ষা?
কাজী নাহিদ আক্তার, ঢাকা।