ঢাকা বিশ্ববিদ্যালেয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন দেখে হতবাক হয়ে যাই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব কারণ দেখিয়ে দ্বিতীয়বার ভর্তি হওয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তা সমর্থন করা গেলেও যে প্রক্রিয়ায় হুট করেই সিদ্ধান্তটা নেওয়া হলো, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
একটি পরীক্ষার জন্য যদি দুই ঘণ্টা সময় নির্ধারিত থাকে এবং পরীক্ষা চলাকালীন এক ঘণ্টা পর কর্তৃপক্ষ খাতা কেড়ে নেয় এবং বলে এখন থেকে নতুন সিদ্ধান্ত অনুসারে পরীক্ষার সময় এক ঘণ্টা। এটা যেমন কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ঢাবিতে ভর্তি–ইচ্ছুকদের প্রথমবার পরীক্ষা শেষ হওয়ার পর হুট করেই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল করা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। কারণ, দুটোই সময় সম্পর্কিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবেই দেখা হয়, অথচ সেই প্রশাসন হুট করেই এমন একটা সিদ্ধান্ত নেবে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সঠিক প্রক্রিয়ায় সিদ্ধান্তটি নিলে শিক্ষার্থীরা আজ রাস্তায় নামত না।
ঢাবির কয়েকজন শিক্ষক সম্প্রতি প্রথম আলোতে ‘আর একটিবার সুযোগ দেওয়া হোক’ শিরোনামে কলাম লিখেছেন। আমি বলতে চাই, এটা দ্বিতীয়বার ভর্তি–ইচ্ছুকদের সুযোগ নয়, বরং অধিকার। কারণ, হুট করেই সিদ্ধান্ত হওয়াতে তাঁদের অধিকার হরণ হয়েছে নিঃসন্দেহে।
তাই একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী হিসেবে ঢাবি প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অধিকার ফিরিয়ে দেবে ঢাবি প্রশাসন, এমন প্রত্যাশাই করছি।
ওয়ালীউল্লাহ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।