শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘোষণা দিয়েছেন মার্চ মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ করবেন। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। ৫ মার্চ বৃহস্পতিবার প্রথম আলোর চিঠিপত্র কলামে এস এস রুবেল আহমেদ শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে যেন এইচএসসি পরীক্ষা প্রতি শুক্র ও শনিবার নেওয়া হয়।
আমার কোনো সন্তান এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। কিন্তু আমি একজন চলমান এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক হিসেবে যে চিন্তা ও বিরক্তি নিয়ে আমার সন্তানকে পরীক্ষা দিতে দেখছি, তাতে অবশ্যই আমি রুবেল আহমেদের সঙ্গে একমত যে এইচএসসি পরীক্ষা প্রতি শুক্র ও শনিবার নেওয়া হোক।
আমি আমার সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, মানবসৃষ্ট পরিস্থিতি তুমি একাই ভোগ করছ না। এ দেশের ১৫ লাখ শিক্ষার্থী এই পরিস্থিতির শিকার। সামনের পরীক্ষাগুলো তো আরও গোলমেলে। সব সময় আশঙ্কা, কোনো পরীক্ষা ভুল হয়ে যায়।
এই অনিশ্চয়তা দূর করতে আশা করি শিক্ষামন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।
সাবিনা ইয়াসমিন, রাজশাহী।