যঁারা পলিটেকনিক থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেন, তঁাদের জন্য দেশে উচ্চতর ডিগ্রির সুযোগ খুবই সীমিত। তাঁরা একমাত্র ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সরকারিভাবে উচ্চতর ডিগ্রির সুযোগ পান। তা ছাড়া, ইদানীং শাহজালাল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ভর্তির সুযোগ রাখা হয়েছে।
তবে ডিপ্লোমা পাস করার পর সম্পূর্ণ নতুন সিলেবাসে পড়ালেখা করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটা দুরূহ ব্যাপার। তাই যাঁরা ডুয়েটে ভর্তি পরীক্ষায় চান্স পান না, তঁারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তথাকথিত সন্ধ্যাকালীন কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যান। আর যাঁরা অপেক্ষাকৃত ভালো ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত, তাঁরা আইইবি কর্তৃক পরিচালিত এএমআইই কোর্সে ভর্তি হন। এএমআইই (অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স) কোর্সটি আন্তর্জাতিক মানের পেশাদার ডিগ্রি, যা কমনওয়েলথভুক্ত দেশগুলোতে স্বীকৃত।
গ্রেট ব্রিটেনে এএমআইই ডিগ্রিকে ইউকে ব্যাচেলর ডিগ্রির সমমর্যাদা দেওয়া হয়েছে। আর ভারত ও অস্ট্রেলিয়ায় এএমআইই পাসকৃত প্রকৌশলীদের উচ্চতর ডিগ্রির সুযোগ রয়েছে। অথচ আমাদের দেশে এএমআইই শিক্ষার্থীরা অবহেলিত। সারা বাংলাদেশে এতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে, অথচ কোথাও তাদের ক্লাস করার ব্যবস্থা নেই। এমনকি আইইবির শাখাতেও ক্লাসের ব্যবস্থাও নেই। এতে সঠিক নির্দেশনা ও লেকচারের অভাবে আমরা পরীক্ষায় পাস করতে পারি না। আমাদের কোচিং সেন্টারগুলোতে ক্লাস করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
তাই আমরা এএমআইই শিক্ষার্থীরা আইইবি কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের উচ্চতর ডিগ্রি নিশ্চিতকরণ ও জ্ঞানার্জনের জন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট, ডুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এএমআইই স্টাডি সেন্টার চালু করা হোক।
মো. সাইফুল ইসলাম, ঢাকা।