এক দিনে চার পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষিত বেকার যুবকেরা এ দেশের সবচেয়ে অসহায় প্রাণী। প্রতিটি চাকরির জন্য আবেদন করতে বেকারদের গড়ে ৩৫০ টাকা করে পরীক্ষা ফি দিতে হয়। এটা কতটা কষ্টকর, সেটা বলে বোঝানো সম্ভব নয়।
এই যন্ত্রণার মধ্যে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২৮ আগস্ট একই দিন কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ও পিএসসির অধীনে এনবিআরের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসারের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, এই দুই পরীক্ষার কেন্দ্র ঢাকায়। আবার একই দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে বেলা তিনটা থেকে পরীক্ষার্থীদের নিজ জেলায় এবং বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের বড় বড় জেলা শহরে।
পরীক্ষা যদি একই সময় ও একই দিনে হয়, তাহলে এসব প্রতিষ্ঠান তো বেকার যুবকদের সার্কুলার দেওয়ার সময়ই তা জানাতে পারত। এখন পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন করা না হলে বেকারদের এত কষ্টের টাকা জলে যাবে, চাকরি পাওয়ার সম্ভাবনাও কমবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ বিষয়টি ভেবে দেখবে।
মো. শাহজাহান, ঢাকা।