ঘটনার সমারোহের দেশ বাংলাদেশ। কত কিছুই না ঘটে ছোট্ট এই দেশে। ঘটনার শেষ নেই, কখনো শেষ হবেও না। কিন্তু শেষ হতে দিতে চাইও না ভালো কিছু ঘটার। আর খারাপ ঘটনার শেষ চাই। মুক্তিযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত ছোট–বড় অনেক ঘটনাই আমাদের স্মরণীয়। কিন্তু সেই স্মরণীয় ঘটনাগুলো শুধু বছরের এক দিনের খবর হয় কেন? শহীদদের স্মরণ শুধু ষোলোই ডিসেম্বর। বঙ্গবন্ধুকে স্মরণ শুধু ১৫ আগস্ট। চার জাতীয় নেতার নিহতের স্মরণ শুধু ৩ নভেম্বর।
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত কিংবা আক্রান্ত ব্যক্তিদের স্মরণ শুধু ২১ আগস্ট। এ রকম অসংখ্য স্মরণীয় ঘটনা রয়েছে। এসব স্মরণ সুস্পষ্ট জানিয়ে দেয়, এগুলো শুধু বছরের এক দিনের খবর। কিন্তু কেন? বছরের ৩৬৫ দিনই এই দিনগুলোকে স্মরণ রাখতে হবে। আর বিভিন্ন সময় এসব নিয়ে অনুসন্ধানী খবর করা উচিত। এসব ঘটনা স্মরণে থাকলে আমরা দেশের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ হব। আমরা ভালোবাসতে শিখব চিরসবুজ বাংলা ও বাংলার মানুষকে, যা খুবই প্রয়োজনীয়।
মো. আজিনুর রহমান, নীলফামারী।