শোনা যাচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘সহকারী প্রধান শিক্ষক’ পদ সৃষ্টির কথা ভাবা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী প্রধান শিক্ষক’ পদ সৃষ্টি হলে তা অযৌক্তিক হবে। এটা হতে পারে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে বেতনবৈষম্য বাড়িয়ে দেওয়ার কৌশলমাত্র। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মেধা আর একনিষ্ঠ কাজের কারণে এবং বেশির ভাগ
ক্ষেত্রে ছাত্রছাত্রী স্বল্পতার কারণে প্রধান শিক্ষককে তেমন একটা চাপ অনুভব করতে হয় না। কিন্তু ‘সহকারী প্রধান শিক্ষক’ পদটি সৃষ্টি হলে প্রধান শিক্ষকের হাতে তেমন কোনো কাজ কিংবা চাপ থাকবে বলে মনে হয় না।
অভিজ্ঞতা কাজের উন্নতি ঘটায়। যেকোনো কাজে অভিজ্ঞতা থাকলে, তা কর্মক্ষেত্রে সফলতা বয়ে আনতে দারুণ সহায়তা করে। পূর্ব অভিজ্ঞতা ছাড়া কিংবা মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা না থাকলে অনেক ক্ষেত্রেই নানা জটিলতার সৃষ্টি হয়। প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের প্রধান শিক্ষকের নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অনেক ধরনের কাজের অভিজ্ঞতা হয়। শ্রেণি পরিচালনা থেকে শুরু করে মাঠপর্যায়ের কাজ এবং দাপ্তরিক বিভিন্ন কাজের অভিজ্ঞতা ঘটে। অনেক সময় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সহকারী শিক্ষককে দায়িত্ব পালন করতে হয় পুরো বিদ্যালয়ের। সেই বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ নয়। বরং সহকারী শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিধান করা হোক। আশা করি, কর্তৃপক্ষ ভেবে দেখবে।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।