দুই বন্ধু একসঙ্গে পড়াশোনা করতাম। মাস্টার্স পাস করেছিলাম একই সালে এবং দুজনে কলেজের প্রভাষক পদে যোগদানও করি একই সঙ্গে ২০০৩ সালে। দুই বন্ধুর অনেক জায়গাতেই মিল। কিন্তু এক জায়গাতে বড়ই গরমিল।
প্রথম থেকেই এমপিওভুক্ত কলেজ শিক্ষক হিসেবে আমি সরকারের পুরো সুযোগ-সুবিধা ভোগ করে চলেছি। বেশ ভালোই চলছে সব। পেশা, বিনোদন, লেখালেখি, বেড়ানো—সবই চলছে সুন্দরভাবে। জীবনটা দারুণ উপভোগ করি।
কিন্তু আমার সেই বন্ধুটি এক যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পরও এমপিওভুক্ত হতে পারল না। বন্ধুটি এবং বন্ধুপত্নী নড়াইল জেলার তুলারামপুর ‘আশার আলো’ কলেজের কারিগরি শিক্ষার প্রভাষক।
কলেজটিতে দুটি ডিসিপ্লিন আছে: সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা। সাধারণ শিক্ষা ডিসিপ্লিনে বেতন এসেছে আগেই। কিন্তু কী এক অজানা কারণে কারিগরি বিভাগের কোনো শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী বেতন থেকে বঞ্চিত। অথচ তাঁদের অন্যদের মতো যথারীতি সব নিয়মকানুন মেনে চলতে হয়।
আমরা একই আলো-বাতাসে একই প্রকৃতিতে বেড়ে উঠলাম। কিন্তু আমার এই শিক্ষক বন্ধু দম্পতি নীরবে-নিভৃতে শেষ হয়ে যাবে! এর কি কোনো সমাধান নেই?
সঞ্জয় বিশ্বাস
যশোর।