সম্প্রতি এইচএসসি পরীক্ষায় শিক্ষকেরা লাঞ্ছিত হয়েছেন। পরীক্ষা চলাকালীন কক্ষে রাজনৈতিক দলের নেতা–কর্মীদের প্রবেশ ও নকল সরবরাহ খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আর এ কাজে বাধা দিতে গিয়ে কর্তব্যরত শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছেন৷ সর্বশেষ লাঞ্ছিত হয়েছেন গফরগাঁও সরকারি কলেজের এক সহকারী অধ্যাপক। পত্রিকার খবর অনুযায়ী ১০ এপ্রিল ছাত্রলীগের দুই নেতা পরীক্ষাকক্ষে প্রবেশের চেষ্টা করলে তিনি বাধা দেন। সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের ওই দুই নেতা সেই শিক্ষককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। যদিও পুলিশ পরবর্তীকালে তাঁদের গ্রেপ্তার করে।
হামলা ও ভয়ভীতি দেখানোর কারণে শিক্ষকেরা ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকলেও অনেক এলাকার স্থানীয় প্রশাসন ও দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা একেবারেই নগণ্য। ফলে অবাধে বহিরাগত লোকজন পরীক্ষাকক্ষে নকল সরবরাহ করে। এই অবস্থা বজায় থাকলে পড়াশোনার কিছু থাকবে না।
নাহিদ হোসেন, কলেজ শিক্ষক।