প্রায় সব সামাজিক সূচকে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিশ্বব্যাংক সম্প্রতি সামাজিক সূচকে বাংলাদেশ ও ভারতের তুলনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, শুধু মাথাপিছু আয় ছাড়া প্রত্যাশিত আয়ুষ্কাল, শিশুমৃত্যুহার, জন্মহার, নারীশিক্ষার হার, পুরুষশিক্ষার হার, অপুষ্টির হার, টিকা গ্রহণের হার—এসব ক্ষেত্রে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ।
বিশ্বব্যাংকের তথ্যমতে, ৫ শতাংশ দরিদ্র মানুষের বাস হলেও ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অগ্রগতি প্রত্যাশার চেয়েও অনেক বেশি। (তথ্যসূত্র: প্রথম আলো)
নানা সমস্যায় জর্জরিত জনবহুল এই দেশটি নিয়ে আমরা নানা আস্ফালন করলেও দেশ তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে উন্নয়নের পথে। কেননা, এ দেশের মানুষের হৃদয়ে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা এবং এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। আরও রয়েছে সব বৈরী অবস্থাকে জয় করে টিকে থাকার অদম্য মানসিক দৃঢ়তা, ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প এবং পরিশ্রমী মনোভাব। তাই তো স্বাধীনতার মাত্র ৪৩ বছরেই বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য অর্জন করেছে। এই অর্জনের পথ আরও সুগম হতো, যদি আমাদের রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে আরও একটু সৎ, দেশপ্রেমিক, সহিষ্ণু এবং ইতিবাচক মনোভাবসম্পন্ন হতেন। আমরা সাধারণ জনগণ সেই দিনের অপেক্ষায় রইলাম। এগিয়ে যাও বাংলাদেশ…।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।