এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরের কাগজ খুললেই প্রথমেই যা চোখে পড়ে তা হলো ধ্বংস, ভাঙচুর, খুন ইত্যাদি। কিন্তু এর মাঝে দেশের উন্নয়নের কিছু খবরও থাকে। আমরা সেগুলোতে খুব কমই গুরুত্ব দিই। কেননা, সেগুলো নিয়ে তো আর চায়ের কাপে ঝড় তোলা আলোচনা হয় না। তাই মুখরোচক রাজনৈতিক আলাপকেই বেশি প্রাধান্য দেওয়া হয়।
গত কয়েক বছরে দেশের উন্নয়ন নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে ধ্বংসাত্মক বিষয়গুলো নিয়ে। সত্যি কথা বলতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করার পেছনে আমাদের মতো সাধারণ মানুষের দোষটাই সবচেয়ে বেশি। তিলকে তাল কেন, পারলে ফুটবল বানিয়ে ছড়িয়ে দিই সবার মধ্যে। যে মানুষটা আজ পেট্রলবোমা মারছে কোনো লোকাল বাসে, সে গতকাল কিংবা পরশু সেই লোকাল বাসেই চলাফেরা করেছে বা করবে। বৃহৎ রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে নিজে কাজ করে এই সাধারণ জনগণই হরণ করছে সাধারণ জনগণের অধিকার।
কিন্তু নিজের ইচ্ছাশক্তি থাকলে এসব ধ্বংসাত্মক কাজ না করে ছোট জ্ঞান দিয়েও অনেক বড় কিছু করা সম্ভব। উদাহরণস্বরূপ তথ্যপ্রযুক্তির কথাই ধরা যাক। আপনি সামান্য প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিংয়ের কাজ করতে পারেন, শুধু ডিজাইনিং নয়, আরও নানারকম কাজই করা যায় এই আউটসোর্সিংয়ের মাধ্যমে। একই সঙ্গে, কারিগরি কাজ শিখেও অনেক কিছু করা সম্ভব।
জানালাটা খুলে দেখুন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত হচ্ছে উন্নয়ন। আজ আপনি ধ্বংসের পথ থেকে সরে আসুন। কাল আরেকজন আসবে। এভাবে হয়তো দেখা যাবে, বিশ্বদরবারে আমাদের উন্নয়নগাথা ছড়িয়ে পড়বে। তাহলে আর হয়তো পত্রিকা পড়ে হতাশার চেয়ে ভালো লাগাটাই বেশি কাজ করবে।
তানভীর আহমেদ
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।