এবার দায়ভার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় গত ২৩ জুলাই মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়া শিশুটির কথা বলছিলাম। পৃথিবীর আলো দেখার আগেই যাকে স্পর্শ করে ফেলল পৃথিবীর অন্ধকার। এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে পত্রপত্রিকায়। দোষীদের কেউ কেউ ধরাও পড়েছে। ১৮টি সেলাইয়ের ঘা নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে শিশুটি। আমি আসলে নতুন করে কিছু লিখতে চাই না। শুধু একটা দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের।
এই নিষ্ঠুরতা নিয়ে অনেক ঘৃণা প্রকাশ হয়েছে। হয়েছে অনেক দোষারোপ। কিন্তু শিশুটির এই করুণ পরিণতির পেছনে
কি আমি–আপনি একটুকুও দায়ী নই? আমি শিক্ষক হিসেবে সুনাগরিক তৈরি করতে পারিনি। আপনি পিতা, ভাই বা প্রতিবেশী হিসেবেও।
আমরা যা পারিনি নাজমার একরত্তি বাচ্চাটা তা-ই করে দেখিয়েছে। সে বুকে পিঠে হাতে চোখে গুলির আঘাত নিয়ে নিজে বেঁচেছে, বাঁচিয়েছে তার মাকেও। এই ছোট্ট শিশুটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মানুষের কত ক্ষমতা।
অন্যকে দোষারোপ করা সহজ। কঠিন নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো। এই শিশুটি বড় হয়ে যখন তার ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে ঘুরে বেড়াবে, তখন এ সময়ের মানুষ হয়ে কীভাবে মুখ দেখাবেন আপনার পরের প্রজন্মের কাছে? তারা জানবে, তাদের পূর্বপুরুষেরা এতই অপদার্থ ছিল, একটা শিশুকে তার মাতৃগর্ভে নিরাপত্তা পর্যন্ত দিতে পারেনি। এই কলঙ্ক আমরা কত দিন বয়ে বেড়াব?
জয়দীপ দে
দক্ষিণ খুলশী, চট্টগ্রাম।