এভাবেই চলবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহনীয় হয়ে উঠেছে ঢাকার যানজট, আর তার সঙ্গে অসহনীয় মাত্রায় বেড়ে গেছে শব্দদূষণ। ঘনবসতিপূর্ণ এই শহরে আজ বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। রাস্তার পাশে সুউচ্চ ভবন ভাড়া করে চলছে পাঠদান। আমরা প্রজন্মকে দিতে পারছি না খেলার মাঠ, পর্যাপ্ত জায়গা।
তার সঙ্গে যুক্ত হয়েছে যত্রতত্র মাইক বাজিয়ে রাজনৈতিক সমাবেশ। গাড়ির তীব্র হর্নের শব্দে শিশুরা সচকিত হয়ে উঠছে, যা মানবদেহের স্বাভাবিক সহ্যক্ষমতার বাইরে৷ এতে শিশুদের অনিয়মিত হৃৎস্পন্দন, শ্রবণেন্দ্রিয়ের চিরস্থায়ী ক্ষতি ও মাথাব্যথা হচ্ছে এবং অমনযোগিতা ও আগ্রাসী মনোভাব প্রকাশ করছে। শ্রেণিকক্ষে অসম্ভব হয়ে উঠছে পাঠদান, শিশুদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় ব্যর্থ হচ্ছেন শিক্ষকেরা।
আর শুধু শিশু কেন? অনিয়ন্ত্রিত এই শব্দদূষণের শিকার হয়ে প্রতিনিয়ত আমরা ভুগছি নানা শারীরিক জটিলতায়। অপ্রয়োজনীয় শব্দদূষণের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতাও যেন একরকম ব্যর্থ। প্রচারমাধ্যমগুলোয় এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি, এ-সম্পর্কিত আইন ও আইন লঙ্ঘনের শাস্তি সম্পর্কে প্রচারণা দরকার আরও বেশি। কিন্তু তাও হচ্ছে কি?
মোট কথা, দুর্নীতি ও অব্যবস্থার জালে আটকে পড়া জাতির উচিত শব্দদূষণের এই মারাত্মক অভিশাপ থেকে অন্তত নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা। প্রশ্ন হলো, কবে সেই প্রচেষ্টা শুরু হবে? আদৌ হবে তো?
রিফাত মুনীর,
শেখেরটেক, ঢাকা।