বাংলাদেশে ২০০৯ সাল থেকে এমআরপি পাসপোর্ট কার্যক্রম চালু হয়ে আসছে। এমআরপি চালু হওয়ার পর সরকার রাজস্ব ফি বাড়িয়ে দিয়েছে। অ্যানালগ থাকাকালীন জরুরি পাসপোর্ট পেতে তিন হাজার টাকা ও নরমালের ক্ষেত্রে এক হাজার ৫০০ টাকা লাগত। বর্তমানে জরুরি ক্ষেত্রে ছয় হাজার এবং নরমালের ক্ষেত্রে তিন হাজার টাকা। ফলে ডিজিটাল পাসপোর্ট হওয়ায় সরকার রাজস্ব বেশি পাচ্ছে।
অ্যানালগ পাসপোর্ট সংশোধন ফি ছিল জরুরি ক্ষেত্রে ৫০০ টাকা, নরমাল ৩০০ টাকা। অথচ এমআরপি সংশোধনের
জন্য জরুরি ক্ষেত্রে ছয় হাজার এবং নরমালে তিন হাজার টাকার ব্যাংক ড্রাফট করতে হয়, যা একজন সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
অনেক সময় পাসপোর্ট অফিসের কম্পিউটারম্যানের ভুলের কারণেও প্রার্থীকে এই বোঝা বহন করতে হয়, যার ভুক্তভোগী আমি নিজে। সংশোধন ফি কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রুহুল আমিন
যাত্রাবাড়ী, ঢাকা।