জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে। কিন্তু অত্যন্ত কষ্টের ও দুঃখের ব্যাপার হলো, অনার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্ত করার কোনো চিন্তাভাবনা সরকারের নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠদানের অনুমতি দেবে অথচ শিক্ষকদের বেতন-ভাতা, এমপিও প্রদানের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না, এটা মোটেও আশাব্যঞ্জক ব্যাপার নয়। বছরের পর বছর অনার্স পর্যায়ের শিক্ষকেরা পাঠদান করবেন অথচ বেতন পাবেন না, এ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়কেই সমাধান করতে পারে।
অনার্সের শিক্ষকেরা যদি বেতন না পান, তাহলে উচ্চশিক্ষা ভবিষ্যতে ব্যাহত হতে পারে। এমপিও না থাকায় ভালো মানের শিক্ষকেরা অনার্স পর্যায়ে শিক্ষকতা করতে দ্বিধাবোধ করেন এবং হতাশায় ভোগেন। আর এসব কলেজ যদি এমপিওভুক্ত না হয়, তাহলে ভবিষ্যতে ভালো শিক্ষক পাওয়াও দুরূহ হয়ে পড়বে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া জরুরি। সংখ্যার পাশাপাশি মানও নিশ্চিত করতে হবে। ফলে উচ্চশিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে অনার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করা জরুরি।
অতএব, জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন, অনতিবিলম্বে অনার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্ত করে উচ্চশিক্ষার ধারাকে অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা পালন করুন। এতে দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষা লাভের পথ প্রশস্ত হবে।
সুশান্ত কুমার, বাগমারা, রাজশাহী।