শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষকেরা হলেন মানুষ গড়ার কারিগর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজ দেশের শিক্ষক সমাজ খুবই অবহেলিত। অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি, এসব প্রতিষ্ঠানের শিক্ষকেরা বেতনও ঠিকমতো পাচ্ছেন না। তারপরও শিক্ষকেরা দিনের পর দিন শিক্ষা দিয়ে যাচ্ছেন। সেই শিক্ষকেরা একরকম বেতন ছাড়াই শিক্ষাদানের কাজ করে যাচ্ছেন। সেটা করতে গিয়ে তাঁদের সংসারে অভাব কখনোই দূর হয় না। এটি অত্যন্ত বেদনাদায়ক সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তো আর ঢালাওভাবে এমপিওভুক্ত করা যাবে না। কিন্তু ফলাফল ও ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনা করে পর্যায়ক্রমে সেগুলো এমপিওভুক্ত করার অনুরোধ জানাচ্ছি।
নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী কিছুদিন আগে দেশে এসে বলেছিলেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। আমরা ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। মধ্যম আয়ের দেশে পরিণত হতে গেলে শিক্ষায় আরও অধিক বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই।
সে কারণে সরকারকে বিষয়টি অত্যন্ত গুরুেত্বর সঙ্গে ভেবে দেখতে হবে।
মো. আসাদুজ্জামান
সারিয়াকান্দি, বগুড়া।