এমপিওভুক্ত শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে ঘোষিত বেতনকাঠামোতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষকেরা সংবাদ সম্মেলন করছেন। এ খবরটি পড়ে সত্যি বিস্মিত হতে হয় এ কারণে যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির যে সোপানটি রচিত হয়, তার মূল ধারক ও বাহক হলো শিক্ষক সমাজ। অথচ সেই শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময়, বিভিন্নভাবে আন্দোলনে নামতে হয়।
যখন কোনো পে-স্কেল দেওয়া হয়, যখন বেতন বৃদ্ধির প্রশ্ন আসে, তখনই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা থাকেন পেছনের সারিতে। যে দেশে সরকারি শিক্ষক ৫ শতাংশ আর বেসরকারি শিক্ষক ৯৫ শতাংশ, সে দেশে বেসরকারি শিক্ষকদের উন্নয়নের চিন্তা বাদ দেওয়া হয় কোন যৌক্তিকতায়? শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের মান বাড়াতে হবে। কথা হচ্ছে, দেশের সিংহভাগ শিক্ষার্থী যাদের কাছে পাঠ নেয়, তাদের অবহেলা করে আর যা-ই হোক, শিক্ষা লাভ সম্ভব নয়। পার্শ্ববর্তী দেশ ভারতের শিক্ষকেরা ভালো বেতন পান। উন্নত দেশের কথা না হয় না-ই বললাম।
গতবারের পে-স্কেলে তো বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। নিয়মানুসারে এবারও তাঁদের আপনাআপনিই অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু তাঁদের নিয়ে এমন টালবাহানা শুরু হয়েছে কেন?
কল্পনা সরকার
চাঁদপুর।