এমপিওভুক্ত শিক্ষকদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাই জাতির মেরুদণ্ড—এ কথাটি সর্বজন বিদিত। আর শিক্ষাকে উন্নত ও যুগোপযোগী করার জন্য সরকার যে চেষ্টা করছে, তা এককথায় বাস্তবায়ন করছে দেশের এমপিওভুক্ত শিক্ষকেরা, দেশের ৯৫ শতাংশ শিক্ষার্থী যাদের কাছে পড়ছে। কিন্তু তারা খুবই বঞ্চিত। একজন সরকারি স্কুলের শিক্ষকের সঙ্গে তাঁদের বেতনবৈষম্য দ্বিগুণেরও বেশি। আরও দুঃখজনক ব্যাপার হলো, এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা ভাতা নেই, তাঁদের চিকিৎসা ভাতা সরকারি শিক্ষকদের তুলনায় অনেক কম।

সরকারের কাছে আমাদের অনুরোধগুলো হচ্ছে: ১. বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট চালু করা ২. সরকারি শিক্ষকদের সমান চিকিৎসা ভাতা ৩. শিক্ষা ভাতা ও বৈশাখী ভাতা চালু ৪. শতভাগ উৎসব বোনাস প্রদান ৫. সম্মানজনক বাড়িভাড়া প্রদান, ৬. অবসর গ্রহণের তিন মাসের মধ্যে কল্যাণ ট্রাস্ট এবং ছয় মাসের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধের ব্যবস্থা, ৭. একনাগাড়ে ১০ বছর চাকরি করলে বা কেউ স্বেচ্ছায় অবসর নিলে বা দুর্ঘটনায় পতিত হলে সেই সব শিক্ষক–কর্মচারী বা তঁাদের পরিবারবর্গকে এককালীন নগদ অর্থ প্রদান।

মো. রাসেল কবির

ঠাকুরগাঁও।