বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বগুড়া জেলার শেরপুরের সীমাবাড়ী মহিলা কলেজে ১৯৯৮ সালে এটির প্রতিষ্ঠালগ্নে প্রভাষক হিসেবে যোগদান করি। প্রথম পর্যায়ে মহৎ পেশায় আত্মনিয়োগ করতে পেরে নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় হতাশার সাগরে ভাসছি। এমপিওভুক্তির আশায় থেকে থেকে কখন যে দেড় যুগ জীবন থেকে চলে গেছে, তার হিসাব কষা কঠিন।
কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাবেক সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ফেরদৌস জামান মুকুল। গত দশম সংসদ নির্বাচনের আগে কলেজটির শিক্ষক-শিক্ষিকারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি বলেছিলেন, কলেজটি এমপিওভুক্ত করা হবে। কিন্তু আজ পর্যন্ত সেসব কথা শুধু আশ্বাসবাণীতেই সীমাবদ্ধ আছে। শিক্ষক-কর্মচারীরা কোনো ধরনের আর্থিক সুবিধা পান না।
সদ্য ঘোষিত জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের বেতনও দ্বিগুণ বাড়ানো হয়েছে। এতে এমপিওভুক্ত শিক্ষকেরা ভীষণ খুশি। আমরাও সাধুবাদ জানাই।
তাই সীমাবাড়ী মহিলা কলেজটি দ্রুত এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের দুঃখ-দুর্দশা লাঘবের অনুরোধ জানাই।
সাবিনা ইয়াছমিন
বগুড়া।