একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের পর যখন সন্ত্রাসীরা দেখতে পাচ্ছে যে যাই করুক না কেন, তাদের কেউ ধরতে পারছে না, তখন তারা সুযোগটা নিয়ে দেশের মুক্তবুদ্ধি চর্চাকারীদের ওপর হামলা করছে। এখন আর কেউ অনন্ত বিজয় দাশ কিংবা রাজীব হায়দারের কথা খুব একটা মনে করে না। কিংবা তাদের বিচার নিয়ে আত্মীয়স্বজন ছাড়া কেউই খুব একটা আগ্রহ দেখায় না।
বিষয়টা ছিল এমন যে আমার লেখা ভালো লাগেনি তো আমার গর্দান যাবে। কিন্তু একই দিনে তিনজন প্রকাশক–লেখককে আহত এবং একজনকে হত্যার মাধ্যমে সন্ত্রাসীরা জানান দিচ্ছে, শুধু লিখলেই কোপ খেতে হবে বিষয়টা এমন নয়, আপনি লেখা ছাপাবেন তো মরবেন। কয়েক দিন পরে আপনি সেই লেখক বা প্রকাশককে সমর্থন দিচ্ছেন বলে কোপ খাবেন না, তার নিশ্চয়তা কী?
জীবনের নিরাপত্তা বলে আসলে কিছু আছে কী? কারও লেখা ভালো না লাগলে লেখার মাধ্যমে তার জবাব দিন, অস্ত্রের মাধ্যমে নয়। যাদের হত্যা করা হয়েছে, তাদের আগে থেকেই হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও তারা আক্রান্তদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
কথা শুধু একটাই, এসব কারণে বাংলাদেশ যেন সেই ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়।
বিথী দেবী, শিক্ষার্থী, সিলেট ।