এলএলবির সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোনা যাচ্ছে, এলএলবিতে সনদ প্রাপ্তির সর্বোচ্চ বয়স ৪০ করা হবে। অর্থাৎ, বয়স ৪০ পেরিয়ে গেলে আর সনদ পাওয়া যাবে না। এলএলবি এমন একটি পরীক্ষা, যাতে যেকোনো বয়সের যেকোনো স্নাতক ডিগ্রিধারী ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। হোমিওপ্যাথি বা বেসরকারি শিক্ষক নিবন্ধন বা বিএড পরীক্ষার ক্ষেত্রেও বয়সের সীমাবদ্ধতা নেই। কিন্তু আইন বিষয়ে সনদ প্রাপ্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা কোন আইনে আরোপ করা হচ্ছে, তা বোধগম্য নয়।
বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখছে। নারীদের ক্রমবর্ধমান ক্ষমতায়নের এই স্বর্ণযুগে আইন পেশায় অংশগ্রহেণ ইচ্ছুক নারীরা বয়সের বেড়াজালে আটকে যাবেন কেন?
বাস্তবতা হলো, স্নাতক ডিগ্রি অর্জন করার আগেই অথবা এলএলবি অনার্স সমাপ্ত করার আগেই অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। তখন সাংসারিক কাজ সামলানো ও সন্তান লালন–পালনের কারণে লেখাপড়ার বিরতি ঘটে। অনেকে আবার আইন পেশাকে বিকল্প অথবা অবসরকালীন পেশা হিসেবে নিয়ে থাকেন। তাই তাঁরা এই বিষয়ে লেখাপড়া শুরুই করেন ৪০-এর পরে। আইন পেশায় নিয়োজিত জনবলের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম নারী। কাজেই জেন্ডার–বৈষম্য কমানোর ক্ষেত্রে নারীদের ওপর এ সীমাবদ্ধতা থাকা উচিত নয়।
কথা হচ্ছে, দেশের মানুষের আয়ু বেড়েছে। আর মানুষের জন্য সুযোগের দ্বার বন্ধ করে দেওয়া উচিত নয়।
চৌধুরী ফেরদৌস আরা
সিলেট।