এশিয়া কাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে অনেক আশা–ভরসা জাগিয়েও কাপ ঘরে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশ। ২০১২ সালে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপে (ওডিআই) বাংলাদেশের পারফরম্যান্সের কারণে আমরা বিশ্ববাসীর চোখে ভালো দল হিসেবে চিহ্নিত হতে শুরু করি। তারপর কিছুদিন আকস্মিক ছন্দপতনের মধ্য দিয়ে গেলেও মাশরাফির নেতৃত্বে ওয়ানডেতে প্রায় অপ্রতিরোধ্য দল হয়ে ওঠে। বিশ্বকাপে অসাধারণ সাফল্যের পাশাপাশি বাংলাদেশ এরপর একাধিক ওডিআই সিরিজ জেতে।
তারুণ্যের মিশেলে বাংলাদেশ দলটি ওডিআইতে কাঙ্ক্ষিত সাফল্য পেলেও টি–টোয়েন্টিতে সাফল্য খানিকটা অধরাই রয়ে যাচ্ছিল। কিন্তু সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের অসাধারণ সাফল্য বিশ্ববাসীকে কাঁপিয়ে দিয়েছে। ফাইনালে ভারতের কাছে আট উইকেটে হারলেও দুদলের অতীত সাফল্যের তুলনায় বাংলাদেশ যে কয়েক গুণ ভালো ক্রিকেট খেলেছে, তা মেনে নিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তার কয়েক দিন আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ শিরোপার সম্ভাবনা তৈরি করেও তৃতীয় স্থান অর্জন করে। সব মিলিয়ে ক্রিকেট–বিশ্বের সবাই দল হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনার কথা মেনে নিচ্ছেন।
যখন একটি দেশের পুরো ক্রিকেট অবকাঠামোর ভিত্তি শক্ত হবে, তখনই একটি দেশের প্রতিটি দলের পক্ষে এমন ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা সম্ভব। তিন ফরম্যাটের ক্রিকেটেই ভালো খেলতে হলে আমাদের ভিত্তি সংহত করার বিকল্প নেই।
মো. রহমত উল্লাহ
শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।