২০১৩ সাল থেকে শুরু হওয়া প্রতিটি পাবলিক পরীক্ষাই রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে।
যার ফলস্বরূপ পরীক্ষার সময়সূচি বারবার পরিবর্তন করতে হয়েছে। ফলে পরীক্ষার্থীদের নানামুখী ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। সমস্যা পোহাতে হয়েছে ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিভাবকদেরও। ঝরে পড়েছে অনেক শিক্ষার্থীও, যা একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের একেবারেই কাম্য নয়।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। আর এসব পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকেরাও জড়িত। আর তাই এবার যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে রাজনৈতিক সহিংসতা ছাড়াই নির্দিষ্ট সময়ে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটাই আমাদের সবার চাওয়া। আমরা চাই না রাজনৈতিক কারণে একজন শিক্ষার্থীও ঝরে পড়ুক।
আমরা আশা করি, দেশের সব রাজনৈতিক দল তাদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই এই সময়ে ঝামেলা, সহিংসতা বা হরতালের মতো কর্মসূচি দিয়ে এসব কোমলমতি শিক্ষার্থীর জীবনের প্রতি পদে পদে বিঘ্ন ঘটাবে না। তারা যদি সেটা করে তাহলে তা আত্মঘাতী হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এ কাজ তারা অতীতে করেছে। রাজনৈতিক দলের এই দায়িত্ববোধ থাকা উচিত।
হোসাইন মোহাম্মদ
ঢাকা।