এসএসসিতে গণিতের ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো গণিত বিষয়ে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়। গণিতভীতি, হরতাল-অবরোধের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়া, বারবার রুটিন পরিবর্তন, যথাসময়ে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব, স্বল্প অনুশীলনের মাধ্যমে পাঠদান, নতুন গণিত বই ইত্যাদি কারণে এবারের কোমলমতি শিক্ষার্থীরা গণিতে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে। এর ফলে বর্তমান সরকারের শিক্ষায় ধারাবাহিক সাফল্যে ছন্দপতন ঘটে। ফলাফল প্রকাশের পর এখন চলবে পুনর্নিরীক্ষণ (৭ থেকে ২৯ জুন ২০১৫ পর্যন্ত)। এমতাবস্থায় গণিতের ফলাফল পুনর্নিরীক্ষণকালে মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সদয় দৃষ্টি আকর্ষণে কিছু মতামত পেশ করছি।
১. গণিতের খাতা পুনর্নিরীক্ষণে রচনামূলক ও নৈর্ব্যক্তিক খাতার নম্বর একত্র করে পাস ধরলে পাসের হার বাড়বে। ২. রচনামূলক ও নৈর্ব্যক্তিক খাতার (৫ + ৫) = ১০ নম্বর গ্রেস প্রদান করা, তাতে পাসের হার বাড়বে। ৩. শুধু গণিত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের অন্য সব বিষয়ে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে গণিত বিষয়ে সদয় বিবেচনাপূর্বক পাস নম্বর প্রদান করা।
এতে অনেক শিক্ষার্থীর ঝরে পড়া রোধ হবে, অমূল্য সময় বাঁচবে এবং তাদের প্রতি ন্যায়বিচার করা হবে।
জাহিদ খান
কুমিল্লা।