এসএসসির নতুন মার্ক ডিস্ট্রিবিউশন ডাউনলোড করে পড়লাম এবং মর্মাহত হলাম। বুঝতে পারছি যে আমরা মানুষ হওয়া সত্ত্বেও আমাদের যন্ত্র মনে করা হয়। নয়তো এ রকম সাতটি সৃজনশীল লিখতে দেওয়ার সিদ্ধান্ত কখনোই চাপানো হোত না। পাঁচটি সৃজনশীল হয়তো বিজ্ঞানের পরীক্ষায় লেখা যায়। অন্য বিভাগের বেলায় তা কিছুটা কষ্টকর। কিন্তু এবারের সিদ্ধান্তে আমরা হতাশ হলাম। ছয়টি সৃজনশীল লিখে যখন হাতের অবস্থা খারাপ, তখন তার সঙ্গে আরও একটা যোগ হলো।
কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকাশিত মানবণ্টনে সময় বিভাজনের স্থান নেই। তাই আমরা বুঝতে পারছি না যে আমাদের সময় কতটুকু দেওয়া হবে প্রতিটি ক্ষেত্রে। ১০টি নৈর্ব্যক্তিক কমানো হলে নিশ্চয়ই নৈর্ব্যক্তিকে ১০ মিনিট কমিয়ে দেওয়া হবে। কিন্তু একটি সৃজনশীলের জন্য মাত্র ১০ মিনিট বাড়ানো যুক্তিযুক্ত নয়। নিশ্চয়ই আমাদের প্রতিটি সৃজনশীলের গড় সময় ১০ মিনিট করে নয়। বর্তমান কাঠামোতে তা হলো (১৩০/৬)=২১.৬৭ মিনিট। আমরা যে বিষয়টিতে দৃষ্টিপাত করতে চাই তা হলো: (১) সময় বণ্টন খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা, যাতে করে আমরা নির্বাচনী ও এসএসসিসহ সব পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। (২) মানবণ্টন পুনরায় মূল্যায়ন করা হোক।
প্রান্তিক দীপম, মিরপুর, ঢাকা।