এসব দেখবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা সদরের পৌর বাজারের সম্মুখে দীর্ঘদিন থেকে স্তূপীকৃত আবর্জনার দুর্গন্ধে পথচারী অতিষ্ঠ। শহরের প্রধান রাস্তার পাশে সবচেয়ে বড় বাজারের প্রবেশপথের দুই ধারে দিনের পর দিন জমে থাকা পচা-গলা আবর্জনায় যেভাবে বাতাস দূষিত হচ্ছে, তাতে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, কোমলমতি শিশুসহ প্রত্যেক পথচারীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এ জায়গায় এলে দুর্গন্ধই জানান দেয় এটা পৌর বাজার। পৌরসভার আবর্জনাবাহী খোলা গাড়িগুলোও চলছে দিনের ব্যস্ত সময়ে, যা আরেক দফা দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে শহরজুড়ে।
বাজারের ভেতরের অবস্থা আরও খারাপ। শহরের জলাবদ্ধতার কারণে ঘনবৃষ্টি হলেই বাজারের ভেতর হাঁটুপানি জমে যায়। এতে করে হাঁস-মুরগির বিষ্ঠা, জবাইয়ের পর গরু-ছাগলের বর্জ্য ওই পানিতে মিশে একাকার হচ্ছে এবং এর মধ্যে হেঁটে হেঁটে মানুষ বাজার সারছে।
এ সড়কে স্বাস্থ্যসচেতন বহু লোকের নিত্য চলাচল এবং প্রশাসনের চোখের সামনেই এসব চলছে, অথচ প্রতিকার নেই। স্বাস্থ্যসচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে নোয়াখালী পৌর বাজারের ভেতর-বাইরের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বাবুল সরকার
দত্তেরহাট, নোয়াখালী