ঐশী যে বাবা-মাকে মেরে ফেলল, তার দায় সমাজ ও সভ্যতা এড়াতে পারে না। ‘বাবা-মায়ের পক্ষ থেকে ঐশীকে বাসার বাইরে বের হতে না দেওয়ার নির্দেশনা থাকায় আমি তার মায়ের নম্বরে ফোন দিলে একটি মোটা কণ্ঠ ভেসে আসে। তিনি বলেন, ঠিক আছে। ওকে যেতে দাও।’ ঐশীরা যে অ্যাপার্টমেন্টে থাকত সেখানকার ম্যানেজার আমজাদ হোসেনের পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিটিই স্পষ্ট বলে, ঐশী তার বাবা-মায়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, যার কারণে এমন বিধিনিষেধ। আদালতের পর্যবেক্ষণেও ঐশী মাদকাসক্ত বলে প্রমাণিত হয়েছে।
বাবা-মা সন্তানকে আধুনিক মানুষ হিসেবে গড়ে তুলতে দেশি-বিদেশি সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করাবেন, সেটাই প্রত্যাশিত। শিক্ষা-দীক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে তৃতীয় বিশ্বের একজন যোগ্য নাগরিক হিসেবে তাঁর সন্তান প্রতিষ্ঠিত হবে, এমন স্বপ্ন প্রায় সব অভিভাবকেরই আছে।
কিন্তু দুঃখের বিষয়, আমরা সব ক্ষেত্রেই অতিরিক্ত করে ফেলি। আমরা ছোট্ট একটি বাচ্চার কাঁধে এক গাদা বইয়ের ব্যাগ তুলে দিই, আগ-পিছ বিবেচনা না করে তাকে অতি আধুনিকায়ন করার চেষ্টা করি। আর একটা সময় আমরা অজান্তেই নিজের সন্তানকে ভারসাম্যহীন করে ফেলি।
সামাজিক অস্থিরতার কারণে রাজন ও রাকিবদের মতো শিশুরা খুন হচ্ছে, আবার সেই এক কারণে ঐশীর মতো কিশোরীরা বাবা-মায়ের ঘাতক হচ্ছে। এটা একধরনের মনোবৈকল্য, যেটা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। ফলে এই রোগ নিরাময় করাই হবে আমাদের প্রধান কাজ, শাস্তি দেওয়া নয়।
কবীর চৌধুরী
সভাপতি, বাংলাদেশ অনলাইন
অ্যাক্টিভিস্ট ফোরাম।