৩ জানুয়ারি প্রথম আলোতে মশিউল আলম একটি নিবন্ধ লিখেছেন, ‘ওষুধের “অযৌক্তিক” ব্যবহার কমবে কীভাবে?’। তাঁর লেখাটি ছিল ওষুধ ব্যবহারে স্বেচ্ছাচার নিয়ে। আমার উদ্বেগ এই ‘ওষুধ’ নিয়ে।
একজন চিকিৎসক হিসেবে ওষুধ ব্যবস্থাপত্র লিখতে আমরা সাধারণত ‘ট্রেড নেম’ বা বাণিজ্যিক নাম লিখি, ‘জেনেরিক নেম’ বা গোত্রের নাম নয়। কোম্পানির মধ্যে একধরনের অলিখিত মানগত শ্রেণিবিভাগ (ধারণাগত) করা হয়। তাদের তৈরিকৃত ওষুধের দামেও পার্থক্য দেখা যায়।
কোনো কোনো শ্রেণির ওষুধ আদৌ ওষুধ কি না, তা নিয়ে সন্দেহ আছে। আবার কোনো কোনো শ্রেণির ওষুধের নাম অনেক চিকিৎসক জানেন না। এরা ব্যবসা করে প্রত্যন্ত অঞ্চলের ওষুধ বিক্রেতার মাধ্যমে।
আমাদের ওষুধ কোম্পানিগুলোর দাবি, তাদের ওষুধের মান বিশ্বমানের। কোনো রোগী যদি এসে অভিযোগ করে, একই গ্রুপের ওষুধ দেশি কোম্পানির তুলনায় প্রতিবেশী দেশের কোম্পানিরটা খেয়ে বেশি উপকার পাওয়া যায় (এই অভিযোগ কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে)।
তাহলে আমরা কী বলব? তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, বাংলাদেশের কোম্পানি দেশীয় বাজারের জন্য এক মানের এবং রপ্তানির জন্য আরেক মানের (উন্নতমানের) ওষুধ তৈরি করে কি না। এই প্রশ্নের কি কোনো সদুত্তর আছে?
আমাদের ওষুধশিল্পে প্রটোকল মানা বাধ্যতামূলক করতে হবে, অথবা তথাকথিত ‘আন্তর্জাতিক’ মানের ওষুধ নিয়ে ভাবতে হবে।
ডা. আহাদ আদনান, ঢাকা।