ওষুধের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর নামে একটি প্রতিষ্ঠান থাকলেও খোলাবাজারে ওষুধের দাম নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নেই। কোম্পানিগুলো ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। বড় কোম্পানিগুলো কিছুদিন পর পর ওষুধের দাম বাড়ায়। ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরেরও দুর্বলতা স্পষ্ট।
দেশে বর্তমানে ১ হাজার ৪০০ জেনেরিকের ২৭ হাজার ব্র্যান্ড ওষুধ তৈরি হয়। সরকার আইনগতভাবে নিয়ন্ত্রণ করতে পারে ১১৭টি ওষুধের দাম। এই তালিকায় গুরুত্বপূর্ণ ওষুধ নেই। আইনের এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রস্তুতকারী কোম্পানিগুলো এক হাজারেরও বেশি জেনেরিক ওষুধের দাম নিজেদের মতো করে নির্ধারণ করছে। কখনো আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাত দেখানো হচ্ছে। দায় চাপানো হচ্ছে সরকারের ওপর।
নিয়ন্ত্রণহীনতার কারণে ওষুধের দাম দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ ও সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে। ওষুধের দাম যেমন বাজারে স্থিতিশীল নয়, তেমনি মানও নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে ওষুধ নিয়ে দেশের মানুষকে এখন নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। আবার দেশের ভেতরে অনেক প্রতিষ্ঠান নকল ওষুধ তৈরি করছে। কিছু প্রতিষ্ঠান বিদেশ থেকে ফুড সাপ্লিমেন্টারির নামে আমদানি করে মানহীন ওষুধ। চোরাই পথেও আসে মানহীন ওষুধ। স্মরণ করা যায়, কয়েক বছর আগে একটি কোম্পানির তৈরি প্যারাসিটামল সেবন করে শতাধিক শিশুর মৃত্যু হয়েছিল।
অমিত বণিক, কক্সবাজার।