আমাদের দেশে বিভিন্ন ওষুধ কোম্পানির উৎপাদিত কিছু কিছু ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক মোড়কে পাওয়া যায়। প্রতি পাতায় কমবেশি ছয়টি থেকে ১২টি করে ট্যাবলেট বা ক্যাপসুল থাকে। এ ধরনের তিনটি থেকে ১০টি পাতা নিয়ে তা একটি প্যাকেট অবস্থায় বাজারজাত করা হয়।
শর্ত অনুযায়ী, প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, বিদ্যমান উপাদানসমূহ ইত্যাদি উল্লেখ থাকলেও প্রতিটি পাতায় মূল্য উল্লেখ করা হয় না।
এতে খুচরা ক্রেতাদের সমস্যা হয়। অধিকাংশ ক্রেতা পুরো প্যাকেট কেনেন না। কেউ একটি পাতা কেনেন, কেউ দুটি। গরিব ক্রেতারা হয়তো পুরো পাতাও কিনতে পারেন না। পাঁচটা বা ছয়টা ট্যাবলেট বা ক্যাপসুল কেনেন। সেখানে বিক্রেতা যে মূল্য দাবি করেন, ক্রেতাকে সেটাই পরিশোধ করতে হয়। পাতার ওপর আলাদাভাবে মূল্য উল্লেখ না থাকায় ক্রেতার পক্ষে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে।
তাই সাধারণ ক্রেতার সুবিধার্থে এ ধরনের ওষুধের প্যাকেট ছাড়াও প্রতিটি পাতার ওপর ওষুধের উপকরণ ও মেয়াদ–সংক্রান্ত তথ্যের পাশাপাশি সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকা জরুরি।
শহীদুল আযম
ঢাকা।