ওয়াই-ফাই সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযোগ চালু না হওয়ায় ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে গত নভেম্বর মাসে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে কালিহাতী সদর উপজেলা থেকে বিটেক ক্যাম্পাস পর্যন্ত ওয়াই-ফাই সংযোগের লাইনের কাজ শুরু হয়। কিন্তু আজ পাঁচ মাস পেরিয়ে গেলেও অজানা কারণে সেবা দেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা ইন্টারনেটের ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে।
বিষয়টি নিয়ে বারবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বিটেক কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সমস্যার সুরাহাই হচ্ছে না। শুধু আশ্বাস দিয়েই দায় সারছে তারা। এদিকে সরকার দেশকে ডিজিটালাইজড করার লক্ষ্যে সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করছে। কিন্তু বিটেকে ইন্টারনেটের লাইনের কাজ শেষ হওয়ার পরও শুধু সংযোগ চালুর অভাবে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। পিছিয়ে পড়ছে প্রযুক্তির আলো থেকে। এই মামুলি কারণে ইন্টারনেট ব্যবহার করতে না পারা সত্যিই দুঃখজনক!
আবির বসাক
কালিহাতী, টাঙ্গাইল।