এ বছরের ২৮ জুন সরকার ঢাকার আশপাশের ১৬টি ইউনিয়নকে দুটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করে। অনেক দিন যাবৎ ঢাকার পার্শ্ববর্তী ইউনিয়নগুলো অবহেলিত ছিল। সিটি করপোরেশন করার ফলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নতি হবে। সরকার যদি দুই করপোরেশনের ওয়ার্ডগুলো জনসংখ্যার অনুপাতে নতুনভাবে সাজায়, তাহলে ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পনা আরও ত্বরান্বিত হবে।
যেহেতু ১৬টি ইউনিয়নকে ওয়ার্ডভুক্ত করার ব্যাপারটি প্রক্রিয়াধীন, এখনো ওয়ার্ড ঘোষণা করা হয়নি, সেহেতু দুটি করপোরেশনকেই নতুনভাবে জনসংখ্যার অনুপাতে আরও বেশিসংখ্যক ওয়ার্ডে বিভক্ত করা হোক। যেমন ঢাকা উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ড একটি জনবহুল ওয়ার্ড। চারটি থানা এলাকার সমন্বয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত। বিমানবন্দর থানা, উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা ও তুরাগ থানা। উত্তরার ১ নম্বর ওয়ার্ডে বর্তমানে লক্ষাধিক লোক বসবাস করে। দিন দিন জনসংখ্যা আরও বাড়ছে। কোনো এলাকায় সর্বনিম্ন ২০ হাজার লোক বসবাস করলেই একটি ওয়ার্ড হতে পারে। সে হিসাবে ঢাকা সিটির ১ নম্বর ওয়ার্ডকে দুটি ওয়ার্ডে বিভক্ত করলে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।
আমিনুল ইসলাম, ঢাকা।