কঠোর শাস্তি হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরের শিশু শেখ মো. সামিউল আলমকে (রাজন) নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। হত্যাকারীরা নিষ্ঠুরতার কিছু বাকি রাখেনি। আসামিরা ধরা পড়েছে। এখন বিচার হওয়া প্রয়োজন কঠোরভাবে।
পত্রিকা খুললে অপরাধজনক খবরগুলোই বেশি দেখা যায়। একটু সুখবরের আশায় পত্রিকার পাতা শতবার ওল্টালেও খারাপ খবরগুলোই পড়তে হয় বারবার। অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে দিনে দিনে। প্রয়োজন প্রতিটি অপরাধের উৎস নিশ্চিত করে সেটাকে বিনষ্ট করা। শিশু সামিউলকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বোঝা যায়, একশ্রেণির মানুষের মানসিকতা কতটা বিকৃত হয়েছে; কতটা দানবীয় হয়ে উঠছে মানবিকতা হারিয়ে দিনে দিনে হারাচ্ছে নৈতিক মূল্যবোধ। ‘সহমর্মিতা’ শব্দটি যদি জাদুঘরে স্থান পায়, তবে বেঁচে থাকা দায় হবে।
এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার সামিউলের ছিল। রাষ্ট্র থেকে প্রাপ্ত নিরাপত্তা ভোগ করার অধিকার সামিউলের ছিল। শিশু অধিকারগুলো ভোগ করার অধিকার ছিল। কিন্তু এই সমাজ ও পরিবেশ তাকে কী দিল? দিল শুধু মৃত্যু নামক যন্ত্রণা। যা তাকে জীবনের শুরুতেই মেনে নিতে হলো। আর যেন কোনো সামিউলকে এভাবে যেতে না হয়, এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। সব শিশু যাতে তাদের অধিকার ভোগ করতে পারে, সেই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। সেই সঙ্গে শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।