কবরস্থানের ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১০ নম্বর সেকশনে অবস্থিত ‘জান্নাতুল মাওয়া কবরস্থান’ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর হাউজিংয়ের প্লটে অবস্থিত হলেও এটা পরিচালনা করছে একটি বিশেষ গোষ্ঠী। এই কবরস্থানের নির্বাচিত কমিটি নেই। ফলে এখানে চলছে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। যেহেতু ঢাকা শহরে কবর দেওয়ার জায়গা খুবই সীমিত, তাই প্রতিটি কবরস্থানের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা দরকার।
এই কবরস্থানটি খুবই ছোট। তা সত্ত্বেও কর্তৃপক্ষ এই কবরস্থানের ভেতর বিরাট চারতলা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লাশের গোসলখানা, অজুখানা, একাধিক অফিস ঘর, ছাউনি নির্মাণ করে কবর দেওয়ার স্থান সংকুচিত করে ফেলেছে। এ কবরস্থানে একের পর এক ভবন নির্মাণের ফলে স্থান সংকুলান না হওয়ার কারণে কিছুদিন পরপরই কবর ভেঙে নতুন কবর দেওয়া হচ্ছে। সরকারি জমিতে অবস্থিত এই কবরস্থানটি সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় না থেকে কীভাবে বিশেষ গোষ্ঠীর ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।
এই কবরস্থানকে অবিলম্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে নির্মিত সব অপ্রয়োজনীয় স্থাপনা অপসারণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।