জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের স্নাতকোত্তর পরীক্ষার মাত্র দুই মাসের মধ্যে ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল অর্থনীতি বিভাগ। কিন্তু সেই বিভাগই ৩৮তম ব্যাচের স্নাতকোত্তর পরীক্ষার পর দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ করতে পারেনি। এই ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা গত বছরের ৭ আগস্ট শেষ হয়েছে। কিন্তু এখনো ফল পাননি তাঁরা। এ জন্য বিভাগের শিক্ষকদেরই দায়ী করছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, বিভাগের শিক্ষকদের সমন্বয়ের অভাব রয়েছে। বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কিছু ত্রুটিপূর্ণ খাতা পাওয়ার কারণে স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ হতে বিলম্ব হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে জানা যায়, সাধারণত পরীক্ষা হওয়ার আড়াই থেকে তিন মাসের মধ্যে ফল দেওয়ার নিয়ম। কিন্তু শিক্ষকেরা যথাসময়ে খাতা মূল্যায়ন করে না দেওয়ায় সময়মতো ফল দেওয়া যাচ্ছে না। এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর যথাসময়ে ফল প্রকাশিত না হওয়ায় বিপাকে পড়েছেন ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা। এই ব্যাচের প্রায় সবাই বেকার। কিন্তু সাত মাসেও তাঁরা জানতে পারেননি, আদৌ স্নাতকোত্তর পরীক্ষায় পাস করেছেন কি না। এ জন্য কেউ চাকরিতে আবেদন করতে পারছেন না। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, শিগগিরই সম্ভব পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষার্থীদের এই দুর্ভোগ থেকে রেহাই দিন।
খোরশেদ আলম
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।