কমিউনিটি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য সমস্যা থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বাঁচাতে হলে কমিউনিটি ক্লিনিকের বিকল্প নেই। এটা সর্বজনবিদিত যে, দীর্ঘকাল তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সুবিধা সম্প্রসারণের কথা বলা হলেও সামগ্রিকভাবে আমাদের গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার চিত্র খুবই হতাশাব্যঞ্জক। এ কারণে বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনা নিঃসন্দেহে বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিকাশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা।
বর্তমানে দেশে চালু রয়েছে ১১ হাজার ২৬২টি কমিউনিটি ক্লিনিক। নিয়োগ পেয়েছে প্রায় ১৩ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। কমিউনিটি ক্লিনিক যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য ট্রাস্ট ফান্ড গঠনের চিন্তা করছে বর্তমান সরকার, সেটি খুবই শুভ উদ্যোগ। সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্রামাঞ্চলে প্রাথমিক বিদ্যালয় যেমন একটি নিয়মিত অবকাঠামো হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি কমিউনিটি ক্লিনিককে দেশের প্রতিটি গ্রামের জন্য অপরিহার্য করে তুলতে হবে।
এ ক্ষেত্রে প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে সারা দেশের চিকিৎসাব্যবস্থায় বিপ্লব আনা সম্ভব।
প্রতিটি গ্রামে শিক্ষিত যুবক বা যুবতীর মধ্য থেকে ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ নিয়োগ দেওয়া যেতে পারে। তা হলে আর বদলির ঝামেলা থাকবে না। এদের সবার জন্য চাই কার্যকর প্রশিক্ষণ।
কমিউনিটি ক্লিনিককে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যেসব সিএইচসিপিরা অক্লান্ত পরিশ্রম করছেন, তারা যেন আশাহত না হন, সেদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন।
অমিত বণিক, টেকনাফ।