ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় মাধ্যম হলো রেডিও। আর এই রেডিওর একটি শাখা কমিউনিটি রেডিও। কমিউনিটি হচ্ছে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, যার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ সমধর্মী কিছু লোকজ, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী। আর কমিউনিটি রেডিও এসব জনগোষ্ঠীকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিটি জেলায় কমিউনিটি রেডিও স্থাপন করা বাঞ্ছনীয়।
অবশ্য বর্তমান সরকার এ বিষয়ে ২০০৮ সালে একটি আইন প্রণয়ন করেছে। তার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে ২৪টি কমিউনিটি রেডিও গড়ে উঠেছে। তবে এই রেডিও দেশের উল্লেখযোগ্য স্থানে গড়ে উঠলেও দেশের প্রান্তীয় অঞ্চলে এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের প্রতিটি জেলায় একটি করে কমিউনিটি রেডিও গড়ে তোলা এখন সময়ের দাবি। এ জন্য তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আর স্থানীয় সংস্কৃতি ও জীবনধারার বিকাশে কমিউনিটি রেডিও হয়ে উঠুক শক্তিশালী মাধ্যম, এমনটাই আমরা প্রত্যাশা করি।
মো. মানিক উল্লাহ, সিরাজগঞ্জ।