কমিশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি যখন কোনো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাতে যান, তখন বেশির ভাগ সময়ই দেখবেন, প্রচারের জন্য তারা বলে সব টেস্টে ২০ শতাংশ ছাড় পাবেন। প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারেই প্রথমে তাদের নির্ধারিত মূল্য দেওয়া থাকে এবং এর পরের কলামে দেওয়া থাকে ২০ শতাংশ বা নির্দিষ্ট শতাংশ ছাড়ে আপনি কত মূল্য পরিশোধ করবেন, তা। এখন মূল প্রশ্ন হলো, এসব পরীক্ষার জন্য সরকার–নির্ধারিত মূল্য আছে কি? নির্দিষ্ট মূল্য যদি না থাকে, তবে ডায়াগনস্টিক সেন্টারগুলো ২০ শতাংশ বা নির্দিষ্ট কমিশনের কথা উল্লেখ করে কীভাবে?

সাধারণ পরীক্ষার কথা নাহয় বাদই দিলাম, যে পরীক্ষাগুলোর মূল্য অনেক, অর্থাৎ পাঁচ হাজার টাকার ওপরে, সেগুলোর নির্দিষ্ট মূল্য আছে কি? যদি না থাকে তবে একজন গরিব, সাধারণ ও স্বল্পশিক্ষিত রোগীর কাছে যদি বলা হয়, এই পরীক্ষার মূল্য এত টাকা এবং তা কমিয়ে আমরা রাখছি এত টাকা, তবে সে কি করে বুঝবে, সে ঠকছে না জিতছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন, প্রতিটি পরীক্ষার জন্য একটি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার সর্বোচ্চ মূল্য হিসেবে কত টাকা নিতে পারবে, তা নির্ধারিত করে দেওয়া হোক। এতে গ্রাহকেরা নিশ্চিত হতে পারবেন, তাঁরা ঠকছেন না জিতছেন। ডায়াগনস্টিক সেন্টারভেদে টেস্টের মূল্যে হেরফের হতে পারে। কিন্তু তারও একটা সীমা থাকা দরকার।

সাঈদ চৌধুরী, গাজীপুর।