করভীতি দূরীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের করদাতারা আয়কর কর্মকর্তাদের দ্বারা প্রতারিত বা হয়রানির শিকার হয়ে থাকেন। অভিযোগ আছে, ট্যাক্সের বিরাট অংশ তো আয়কর কর্মকর্তা ও কর্মচারীদের পকেটে চলে যায়। তাঁরাই তো এক হাজার টাকার করদাতাকে ১০ হাজার টাকার কর প্রদানের ভয়ভীতি দেখিয়ে অহরহ হয়রানি করে থাকেন। তাই বলছিলাম, আগে নিজেরা ঠিক হোন, পরে জনগণকে কর দিতে বলুন।
সম্প্রতি এনবিআরের চেয়ারম্যান ঘন ঘন দেশপ্রেমের কথা বলছেন। সারা দেশে দেড় থেকে দুই কোটি লোকের কর দেওয়ার ক্ষমতা থাকলেও প্রকৃতপক্ষে করদাতার সংখ্যা কম। কেন কম?
করদাতাদের কর অফিসের লোকজনই তো বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন। করদাতারা স্বতঃপ্রণোদিত হয়ে আয়কর রিটার্ন দাখিল করতে আগ্রহী হলেও আয়কর রিটার্নের আবেদন ফরম সহজ থেকে আরও সহজতর করা হচ্ছে না। সব রকম জটিলতা দূর করতে হবে। পুলিশের মতো অযথা এত বেশি জেরা করা যাবে না।
সঞ্চয়পত্রে আয়কর আরোপ করার পর দেশে একসময় সঞ্চয়পত্রের বেচাকেনা প্রায় অর্ধেকে নেমে এসেছিল। মানুষ এখন আয়করের ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে। এ ক্ষেত্রে কর দেওয়ার প্রক্রিয়াটি জনগণের মধ্যে জনপ্রিয় করার চেষ্টা করুন, করদাতাদের সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করুন।
রাজস্ব আয় বাড়ানোর জন্য গরিব বা মধ্যবিত্ত লোকজনের ওপর জুলুম, অত্যাচার, ভয়, ভীতি পরিহার এবং প্রয়োজনে রাজস্ব বিভাগটির প্রশাসনিক সংস্কার করতে হবে।
কর প্রদানের ব্যাপারে জনগণের মধ্যে কেন ভীতি কাজ করছে তা খতিয়ে দেখতে হবে। এনবিআর ও করদাতাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এ অবস্থায় কর কর্মকর্তাদের মাধ্যমে নয়, স্বেচ্ছায় কর দেওয়ার জন্য ডাকঘর বা ব্যাংকে কর প্রদানের ব্যবস্থা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী, ঢাকা।