সরকারি বিধিমতো বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বয়স ৬০ বছর হলেই তাঁদের চাকরি থেকে অবসর গ্রহণ করতে হয়। তারপর তাঁরা কল্যাণ ও অবসর ভাতা পেয়ে থাকেন। উল্লিখিত দুটি ভাতা পেতে তাঁদের প্রায় দুই-তিন বছর অপেক্ষা করতে হয়।
এত অধিক সময় অপেক্ষা করতে গিয়ে তাঁদের নানা ভোগান্তির শিকার হতে হয়। মাসিক বেতন কম হওয়ায় চাকরি করাকালীন তাঁদের কায়ক্লেশে দিনাতিপাত করতে হয়। তাই তাঁরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন না।
চাকরি থেকে অবসর গ্রহণের পর জীবনযাত্রা নির্বাহ করার অন্য কোনো উপায় তাঁদের থাকে না। তখন তাঁদের অনেক হতাশা ও দুশ্চিন্তায় ভুগতে হয়। শেষ বয়সে হতাশা ও দুশ্চিন্তায় ভোগা তাঁদের জন্য মোটেই কল্যাণকর নয়।
দেখা গেছে ছয় মাস, নয় মাস, এমনকি এক বছর পরও তাঁরা কল্যাণ ও অবসর ভাতা পান না। তখন তাঁদের হতাশা, ভোগান্তি ও দুশ্চিন্তা আরও বহুগুণ বেড়ে যায়। এ অপেক্ষার পালা শেষ হওয়ার আগে অনেকে আবার পৃথিবী ছেড়ে চলেও যান। এ ভাতার টাকা নিয়ে তাঁরা অনেক কল্পনার জাল বুনে থাকেন, সময়মতো সে টাকা না পাওয়ায় তাঁদের কল্পনার জাল ফুটো হয়ে যায়। এর সঙ্গে তো সামাজিক-পারিবারিক গঞ্জনা আছেই।
এ অবস্থায় অবসর গ্রহণের পর ছয় মাসের মধ্যে কল্যাণ ও অবসর ভাতা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করছি।
মো. আবদুর রহিম
নরসিংদী।