মিরপুর ইনডোর স্টেডিয়ামে আগত প্রাতর্ভ্রমণকারীদের কেন্দ্র করে ইনডোর স্টেডিয়াম কাঁচাবাজার গড়ে উঠেছিল। পরে এই বাজারটি এলাকাবাসীর কাছেও জনপ্রিয় হয়। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন মিরপুর ইনডোর স্টেডিয়াম–সংলগ্ন এ কাঁচাবাজারটি উচ্ছেদ করেছে। রাস্তার ওপর এ বাজারটি বসলেও এতে জনগণের তেমন অসুবিধা হতো না। কারণ, এ বাজারটি ভোরবেলা শুরু হয়ে সকাল নয়টার সময় শেষ হতো। নয়টার পর এখানে বাজারের কোনো চিহ্নও থাকত না।
তারপরও রাস্তায় বাজার বসা ঠিক নয়। সিটি করপোরেশনের কাছে অনুরোধ, ইজারার মাধ্যমে বাজারটি আশপাশে বসার ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ, এ বাজারে ক্রেতারা টাটকা পণ্য ন্যায্যমূল্যে কিনতে পারত। বাজারটি না বসায় খুচরা দোকানিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারটি ইজারা দেওয়া হলে বাজার থেকে চাঁদাবাজি যেমন বন্ধ হবে, তেমনি সিটি করপোরেশনও মোটা অঙ্কের রাজস্ব পাবে।
মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।