কাউন্সিল ও গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই দেশের বড় দুটি দলের কাউন্সিল অধিবেশন হবে। নিশ্চিতভাবেই কাউন্সিল হবে কি না, তা না হওয়া পর্যন্ত বলা যাবে না। একটি বড় দল বিএনপি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তাদের বড় অভিযোগ হলো, দেশে গণতন্ত্র নেই, নির্বাচন কমিশন অযোগ্য, নির্বাচনে অনিয়ম, সরকারি প্রভাব, ব্যালট ছিনতাই, জাল ভোট ইত্যাদি। তারা নিজেরা একাধিকবার ক্ষমতায় থাকার সময় তাদের অধীনে যে নির্বাচন হয়েছে, তার কথা জনগণ অবশ্যই ভুলে যায়নি। অর্থাৎ কোনো সরকারের আমলেই শতভাগ বিশুদ্ধ নির্বাচন আমাদের মতো দেশে হয়নি।
যারা সরকারের কাছে গণতান্ত্রিক আচরণ আশা করে, তাদেরও গণতান্ত্রিক হতে হবে। তাহলে তারা সরকারকে গণতান্ত্রিক আচরণ করতে বাধ্য করতে পারবে। আসন্ন কাউন্সিল অধিবেশনে দেশবাসী দুটি বড় দলের কাছেই গণতান্ত্রিক আচরণ আশা করছে। গণতান্ত্রিক পদ্ধতিতেই দলের বিভিন্ন পর্যায়ের নেতা নির্বাচন করা উচিত। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দলের কমিটি গঠনে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়েই প্রমাণ করতে হবে, আপনারা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দুটি দলেরই গণতান্ত্রিক কাউন্সিলের অপেক্ষায় রইলাম।
বিপ্লব রহমান, ফরিদপুর।