ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় বা স্থানীয় যে পর্যায়েই হোক না কেন, নির্বাচন গণতন্ত্রের প্রথম শর্ত। কেননা, শুধু নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক পন্থায় জনগণের প্রতিনিধিত্ব নির্ধারিত হয়। এবারের ইউপি নির্বাচন দলীয় প্রতীকের ভিত্তিতে হতে যাচ্ছে। প্রার্থী মনোনয়নও দিচ্ছে রাজনৈতিক দলগুলো। দলীয়ভাবে নির্বাচনের অনেক ভালো দিক যেমন আছে, তেমনি অনেক খারাপ দিকও আছে।
সেই ব্রিটিশ আমল থেকে ইউনিয়ন পরিষদ বিভিন্ন সময়ে বিভিন্ন নামে কাজ করে আসছে। সে দিক থেকে এটি দেশের এক প্রাচীন প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠান হওয়ায় এটি জনগণের কাছে সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নির্বাচনের আগে প্রার্থীরা অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দেন, অনেক কিছু করে ফেলার স্বপ্ন দেখান। কিন্তু নির্বাচনের পরে তাঁরা প্রতিশ্রুতি ভুলে যান। সামনে নির্বাচন, এখন ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সময়, কাকে ভোট দেবেন, কেন দেবেন। যাঁরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি ভুল যান, তাঁদের আর ভোট দেওয়া উচিত নয়। কাজ দেখে ভোট দেওয়া উচিত।
আরিফ আহমদ
সিলেট।