কারাগারের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ডিসেম্বর, ২০১৫ তারিখের প্রথম আলোয় ‘কারাগারে ৩০০ মানসিক রোগী’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনটি রীতিমতো উদ্বেগজনক। একজন মানুষ বন্দী হয়ে বা বন্দিদশায় অসুস্থ হতে পারে। আবার আটকাবস্থায় গুরুতর অসুস্থ হওয়ার ঘটনাও বিভিন্ন পত্রপত্রিকায় ও টিভিতে প্রায়ই দেখা যায়। প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা আদালতের আদেশে কারাগারের বাইরে সরকারি হাসপাতালে, প্রিজন সেলে বা প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন। কিন্তু গরিব ও দুর্বলের জায়গা হয় প্রকারান্তরে জনাকীর্ণ ওয়ার্ডে বা হাসপাতালে।
জেলার সিভিল সার্জন পদাধিকারবলে কারাগারের মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন। তাঁর তত্ত্বাবধানে প্রতিটি কারাগারে একজন করে সহকারী সার্জন, ফার্মাসিস্ট/ডিপ্লোমা নার্স ও ল্যাব টেকনিশিয়ান থাকার কথা বা আছেন। ব্রিটিশ আমলের এই জনবলকাঠামো দিয়ে ধারণক্ষমতার দুই-তিন গুণ বেশি আটক থাকা কারাবন্দীর চিকিৎসাসেবা নিশ্চিত করা একেবারেই অসম্ভব।
জেল কোডের ৫০৫ ধারা মোতাবেক কারাগারে বন্দী ভর্তির সময় স্বাস্থ্য পরীক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। ১৮৯৪ সালের প্রিজনস অ্যাক্টের ২৪ (২) ধারা মোতাবেক, বন্দী ভর্তির সময় স্বাস্থ্য পরীক্ষাসহ আঘাত, চিহ্নসহ শারীরিক ও মানসিক অস্বাভাবিক কিছু পরিলক্ষিত হলে তা রেকর্ড করা এবং চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আছে। বন্দীর স্বাস্থ্যসেবা পাওয়া মানবাধিকারের অংশ। বন্দীর সুস্থতা ও মানসিকভাবে সুস্থ থাকার সঙ্গে ন্যায়বিচারের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত।
বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের খণ্ডকালীন চিকিৎসকদের মাধ্যমে বন্দী ও কারারক্ষীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কারাগারে স্বাস্থ্য বিভাগের ডাক্তারদের বদলি হয়ে আসতে অনীহা দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, মানসম্মত বাসস্থান না থাকা, ভালো পরিবেশ ও কারাগারের নন-ক্যাডার নিম্ন পদমর্যাদার প্রশাসনিক কর্মকর্তাদের আওতায় তাঁরা কাজ করতে স্বচ্ছন্দবোধ করেন না। উল্লেখ্য, পূর্ব পাকিস্তান কারা সংস্কার কমিশন রিপোর্টে কারাগারের জন্য পৃথক মেডিকেল সার্ভিস গঠনের সুপারিশ করা হয়েছিল।
কারাগার স্রেফ শাস্তির জায়গা নয়, শুদ্ধিরও জায়গা—এটা আমাদের ভুলে গেলে চলবে না।
কে জী এম ফারুক
সাধারণ সম্পাদক, সুজন, বগুড়া।