ভারতের নয়াদিল্লিতে পড়ার সুযোগ পাওয়ার সুবাদে প্রায়ই আমাকে যাতায়াতের পথে বেনাপোল চেকপোস্ট অতিক্রম করতে হয়। এই ঘন ঘন যাতায়াতের ফলে এই চেকপোস্টের নানা অনিয়ম চোখে পড়ে। দেশে আসার পথে এমন অনিয়ম বা দুর্নীতি অনেক কষ্ট দেয়। প্রথমেই বলা যাক কাস্টমের চেকিংয়ের ব্যাপারে। এখানে চেকিংয়ের নামে প্রায় প্রতিটি যাত্রীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত অথবা অবৈধ মালামাল চেকিংয়ের উদ্দেশে্য চেকিং করা হলেও দেখা যায় লোক দেখানো চেকিং করা হচ্ছে। বাংলাদেশ কাস্টম অফিসে ভিসা ও পাসপোর্টের বৈধতা চেকিংয়ের জন্য প্রায়ই লম্বা লাইন দেখা যায় মানুষের, অনেকগুলো কাউন্টার থাকলেও হাতে গোনা কয়েকটি কাউন্টারে চেকিং হয়। প্রায়ই দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে
কিছু চোরাকারবারি পাসপোর্টের সিল মেরে নিয়ে আসেন। এত সব বাধা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর বাসে করে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকালে যশোর-নাভারন রোডে শুরু হয় চেকিং। বিভিন্ন স্থানে বাস থামিয়ে চেকিং করা হয়।
একবার দুবার নয়, তিনবার এভাবে রাস্তার বিভিন্ন অংশে বিজিবি, র্যাব এবং সাদাপোশাকে পুলিশ চেকিং করে। এভাবে বারবার চেকিং করে হেনস্তা ও ভোগান্তির কারণে যাত্রীরা হয়ে ওঠেন অতিষ্ঠ। অবশ্যই সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই চাই চোরাকারবারি থেকে শুরু করে সব অপরাধী ধরা পড়ুক। কিন্তু বারবার চেকিংয়ের নামে এ ভোগান্তি ও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া কতটুকু গ্রহণযোগ্য, সে বিষয়টি ভেবে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জাকির হোসেন, চট্টগ্রাম।