কিসের পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকই তো! দরকার কী পরীক্ষা দেওয়ার? এবার প্রশ্ন ফাঁসেও কড়াকড়ি, সুযোগ নেই নাকি প্রশ্ন ফাঁসের, তাহলে তারা পরীক্ষা দেবে কীভাবে? তার চেয়ে হরতাল-অবরোধ চলুক, চলুক ক্ষমতা নিয়ে টানাটানি, আর তারা ঘরে বসে ফেসবুকে জ্বালাময়ী স্ট্যাটাস দিক! ভাষার মাসে ভাষার চর্চাটা তো হোক।
আমাদের শ্রদ্ধেয় রাজনীতিবিদেরা! ক্ষমতায় যেতে ও থাকতে এতই মরিয়া যে দেশের যারা ভবিষ্যৎ নাগরিক, নতুন প্রজন্ম; তাদের কথা ভাবার বিন্দুমাত্র সময়ও যেন নেই তাঁদের। আমাদের রাজনীতিবিদদের একজন বললেন, কিসের পরীক্ষা? কিসের কী? আগে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। কিন্তু মানুষ পুড়িয়ে মেরে, আহত করে, নতুন প্রজন্মকে হুমকির মুখে ফেলে কোন আইনের শাসন দেশে প্রতিষ্ঠা হবে, সেটা তাঁরাই জানেন।
আমি একজন এসএসসি পরীক্ষার্থী হিসেবে শুধু এটুকুই বলতে চাই, এভাবে পরীক্ষা পিছিয়ে পরীক্ষার্থীদের মনোযোগটা নষ্ট হচ্ছে। দিনের বেলা পরদিনের পরীক্ষার পড়া পড়লাম, বিকেলে খবর এল কাল পরীক্ষা হবে না, তখন পরীক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হয়?
আহমেদ আদিব আরাফ
এসএসসি পরীক্ষার্থী, উত্তরা।