জুরাইন এলাকার রাস্তাঘাট-অলিগলিতে যে হারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে, তাতে জনগণ আতঙ্কিত। হৃষ্টপুষ্ট ভয়ংকর চেহারার কুকুরগুলো ভোরের আলো ফুটতেই রাস্তায় রাজকীয় ঢঙে চলাফেরা ও ডাকাডাকি শুরু করে। ছোট শিশুরা ভয়ে স্কুলে যেতে পারে না। কুকুরের ভয়ে এখন শিশু ও কিশোরেরা বড় কাউকে না কাউকে সঙ্গে নিয়ে রাস্তায় বের হয়।
বৃদ্ধ, শিশুসহ অনেকেই রাস্তায় একা চলাফেরা করতে আতঙ্কবোধ করে। প্রতিদিনই জ্যামিতিক হারে যেন বৃদ্ধি পাচ্ছে কুকুরের বংশধর। একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
প্রতিদিনই দেশে এমন ভয়াবহ কিছু ঘটছে যে মানুষ এখন হয়তো বেওয়ারিশ কুকুরের দিকে নজর দেওয়া প্রয়োজন বোধ করছে না। প্রতিদিনই যদি দু-একজন মানুষ কুকুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত হবে। দলবদ্ধ কুকুর প্রতিদিন কতজনকে কামড়ালে দ্রুত কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা আমরা জানি না। দেশের হাজারটা ভয়ংকর ঘটনার সঙ্গে কুকুরের আতঙ্ক যোগ হয়ে ছোট-বড় নানা আতঙ্কে দিন কাটে আমাদের।
শাকিলা নাছরিন, ঢাকা।